অকুতোভয় ফারাজ বন্ধুত্বের অনন্য নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা ফারাজের আদর্শে উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ রুখে দেওয়ার শপথ নেন। ছবিটি গতকাল দুপুরে কলেজের ফারাজ চত্বর থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা ফারাজের আদর্শে উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ রুখে দেওয়ার শপথ নেন। ছবিটি গতকাল দুপুরে কলেজের ফারাজ চত্বর থেকে তোলা l প্রথম আলো

ফারাজ এক বীরের নাম। তাঁর বীরত্ব আজীবন স্মরণীয় হয়ে থাকবে। অকুতোভয় এ তরুণ বন্ধুত্বের অনন্য নিদর্শন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ফারাজ চত্বরে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় ফারাজের আদর্শে উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ রুখে দেওয়ার শপথ নিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্মরণসভায় ফারাজসহ নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত বছরের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান দুই পুলিশ সদস্যসহ দেশি-বিদেশি ২২ নাগরিক। তাঁদের একজন বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেন।

 ফারাজ চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কে এম ইসমাইল। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ। বক্তব্য দেন শিক্ষক গীতা ঘোষ, সুশান্ত চৌধুরী, পূর্বা দাশ, আবুল মুনছুর, মোহাম্মদ মোহসিন উদ্দিন, গৌতম রায়, শাহেদা বেগম প্রমুখ।

গত বছরের ১৬ আগস্ট স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদলের উদ্যোগে বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠকে ফারাজ চত্বর ঘোষণা করা হয়।

গতকালের সভায় বক্তারা ফারাজের সাহসিকতার কথা তুলে ধরে বলেন, তিনি নিজের প্রাণের মায়া করেননি। নিশ্চিত মৃত্যু জেনেও বন্ধুদের ছেড়ে যাননি। বন্ধুদের পাশে থাকার জন্য জঙ্গিদের হাতে জীবন দিতে হয়েছে তাঁকে। তাঁর এমন আত্মত্যাগ অম্লান হয়ে থাকবে। জঙ্গিবাদ রোধে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা জোগাবে ফারাজের বীরত্ব।