অকৃতকার্য প্রার্থীর নামে পরীক্ষার কার্ড পাঠানোর চাপ
বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারীর ২০০টি পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য ৯৯ প্রার্থীর নামে মৌখিক পরীক্ষার কার্ড ছাড়ার জন্য শ্রমিক লীগের পক্ষ থেকে কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে শ্রমিক লীগের নেতারা বলছেন, তাঁরা লিখিত পরীক্ষার খাতা যাচাই করার জন্য তাঁদের প্রার্থীদের তালিকা দিয়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী (গ্রেড-২) পদের জন্য গত ২১ অক্টোবর রাজশাহীর ৪৪টি এবং চট্টগ্রামের ২০টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষায় ৫৯৭ জন কৃতকার্য হন। ইতিমধ্যে তাঁদের নামে মৌখিক পরীক্ষার জন্য কার্ড ছাড়া হয়েছে। ২৮ ডিসেম্বর থেকে তাঁদের মৌখিক পরীক্ষা শুরু হবে। এদিকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতির পক্ষ থেকে রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ওয়ালি খান এই পরীক্ষায় অকৃতকার্য ৫১ জন এবং সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ৪৮ জন প্রার্থীর তালিকা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তাঁদের মৌখিক পরীক্ষার কার্ড ছাড়ার জন্য শ্রমিক লীগের নেতারা কর্তৃপক্ষের ওপর নানা ধরনের চাপ দিয়ে যাচ্ছেন। শ্রমিক লীগের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ওয়ালি খান বলেন, ‘আমি প্রথমে একটি তালিকা দিয়েছিলাম। তারপর কিছু বাদ পড়া এবং নিজের আরও কিছু প্রার্থীর নাম যোগ করে হায়দার আলী আরেকটি তালিকা দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে লিখিত পরীক্ষায় তাঁদের ‘ফেল করানো’ হয়েছে। আমাদের দাবি হলো, আমাদের দেওয়া তালিকা ধরে খাতাগুলো যাচাই করা হোক। যাচাই কমিটিতে শ্রমিক লীগের নেতাদের রাখতে হবে।’ পরীক্ষা কমিটির আহ্বায়ক উপপ্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (ডিসিসিএম) মো. জিন্নাহ বলেন, সরকারি কলেজে শিক্ষকদের দিয়ে পরীক্ষা নেওয়া এবং খাতা দেখানো হয়েছে। তাছাড়া খাতা দেখে কে মুক্তিযুদ্ধের পক্ষের বা শ্রমিক লীগের পক্ষের তা চেনার উপায় ছিল না। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, ‘সরকারি কলেজের শিক্ষকদের দিয়ে খাতা দেখিয়ে সিলগালা করা হয়েছে। কোনো তালিকা ধরে খাতা যাচাই করা হবে না। সবকিছু স্বচ্ছভাবে করা হয়েছে। কোনো চাপের কাছে নত হওয়ার প্রশ্নই ওঠে না।’