অকৃতকার্য শিক্ষার্থীরা নবম শ্রেণীতে শর্ত সাপেক্ষে ভর্তি হতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। শর্ত হিসেবে তাদের ২০১১ সালের পরীক্ষায় ওই দুই বিষয়ে পাস করতে হবে। এর পরই তাদের নবম শ্রেণীর নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা হবে। অন্যথায় নবম শ্রেণীর ভর্তি বাতিল হবে।গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওই সিদ্ধান্তের কথা জানান। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে জানানো হয়, যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা আগামী বছর ওই তিন বিষয়ে পরীক্ষা দিলেও চলবে। তবে চাইলে তারা সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।গত ৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। জেএসসিতে তিন লাখ ৭৬ হাজার এবং জেডিসিতে ৪৬ হাজার ২৯১ জন অকৃতকার্য হয়। এদের মধ্যে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারাই নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাচ্ছে।যেসব শর্ত দেওয়া হয়েছে: অকৃতকার্য শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ভর্তি করতে বাধ্য থাকবে। শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়েছে, সেই প্রতিষ্ঠান বদলাতে পারবে না। তবে যেসব শিক্ষার্থী নিম্নমাধ্যমিক (অষ্টম শ্রেণী পর্যন্ত) বা অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দিয়েছে, তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। তবে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারলেও এসব শিক্ষার্থীর কেউ বোর্ড পরিবর্তন করতে পারবে না।দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করবে এবং ২০১১ সালের পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশ নিতে পারবে।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণী থেকে কেউ যাতে লেখাপড়া ছেড়ে না দেয়, তাই সরকার এ সুযোগ দিয়েছে।