অকৃতকার্য হওয়ায় ছাত্রের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার উপশহর এলাকার ৩১ নম্বর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অপমানে এক ছাত্র মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ফলাফল হাতে পেয়ে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ওই ছাত্রের নাম মো. শাহজাহান। সে উপশহর মাঠপাড়া এলাকার আজিবর তরফদারের ছেলে।
দুপুরে ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, শিশুটির লাশের পাশে স্বজনেরা আহাজারি করছেন। শাহজাহানের সহপাঠীরা তাকে একনজর দেখতে এসেছে। সহপাঠী বন্ধু অন্তর কাঁদতে কাঁদতে বলে, ‘আজ আমাদের রেজাল্ট দিয়েছে। শাহজাহানসহ আমরা সবাই সকালে স্কুলে ছিলাম। সব বিষয়ে শাহজাহান পাস করেছে। শুধু বাংলায় ১৪ পেয়ে ফেল করেছে।’
শাহজাহানের বড় ভাই বাসার তরফদার বলে, ‘দুপুর ১২টার দিকে প্রথমে মামি দেখেন ঘরের আড়ার সঙ্গে শাহজাহানের লাশ ঝুলছে। তখন সবাই গিয়ে ঘরের আড়া থেকে তাকে নামায়। মায়ের ওড়না গলায় দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। আজ তার স্কুলের রেজাল্ট দিয়েছে। বাড়িতে ফিরলে ছোট বোন তাকে বলে, তুই বাংলায় ১৪ পাইছিস। আব্বা শুনলে বকা দিবে। এরপর সে নীরবে ঘরে গিয়ে আত্মহত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।