অকৃতকার্য ১৮৬, গণিতেই ১৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা শহরের দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষায় ১৮৬ জন অকৃতকার্য হয়েছে। এদের ১৭৮ জন গণিতে অকৃতকার্য হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, শরীয়তপুর জেলা শহরে পাশাপাশি দুটি বিদ্যালয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয় ও শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গত ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় দুটিতে এসএসসির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হয়। পালং তুলাসার গুরুদাস বিদ্যালয়ের ১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের ১১৭ জন অকৃতকার্য হয়। এর মধ্যে ১১৫ জন গণিতে অকৃতকার্য হয়। শরীয়তপুর বালিকা বিদ্যালয়ে ২০১ জন পরীক্ষায় অংশ নেয়। এর ৬৯ জন অকৃতকার্য হয়। গণিতে অকৃতকার্য হয় ৬৩ জন।
শরীয়তপুর বালিকা বিদ্যালয়ে ৫০ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ২৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। এর মধ্যে গণিত শিক্ষকের পাঁচটি পদ শূন্য। পালং তুলাসার গুরুদাস বিদ্যালয়ে ৫২টি সহকারী শিক্ষকের পদের ২৬টি শূন্য। এর মধ্যে গণিত শিক্ষকের পদ চারটি শূন্য আছে।
বর্তমানে বিদ্যালয়গুলোতে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। ১৮ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে না। কিন্তু এত বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা পুনরায় নির্বাচনী পরীক্ষা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। ১৬ ও ১৭ নভেম্বর তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। অন্য দুটি বিষয় হলো ইংরেজি ও হিসাববিজ্ঞান। এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও খাতা মূল্যায়ন করা হবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে।
পালং তুলাসার গুরুদাস উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মো. রাসেলের শ্রেণিতে রোল নম্বর এক। নির্বাচনী পরীক্ষায় সেও গণিতে অকৃতকার্য হয়। রাসেল বলে, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র হওয়ায় সে পরীক্ষার খাতায় সব উত্তর লিখতে পারেনি। তবে যা লিখেছে, তাতে তার কৃতকার্য হওয়ার কথা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, সৃজনশীল পদ্ধতিতে তারা গণিত বোঝে না। শ্রেণিকক্ষে শিক্ষকেরাও ঠিকমতো গণিত পড়াতে পারেন না। পাস করার মতো উত্তর পরীক্ষার খাতায় লেখার পরও কেন তারা অকৃতকার্য হয়েছে, তা বুঝতে পারছে না।
পালং তুলাসার গুরুদাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহ বলেন, নির্বাচনী পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী গণিতে খারাপ করেছে। শিক্ষক ও শিক্ষার্থী কেউই সৃজনশীল পদ্ধতি বোঝে না। সৃজনশীল পদ্ধতি চালু করার পর কোনো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়নি। এ ছাড়া গণিতের প্রতি এ এলাকার শিক্ষার্থীদের ভীতি আছে।
শরীয়তপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকের চরম সংকট। এ অবস্থায় আমাদের পাঠদান চালাতে হচ্ছে। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা গণিত বুঝতে পারে না। এসব কারণে ফলাফল খারাপ হয়েছে।’
জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, নির্বাচনী পরীক্ষায় এত শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উদ্বেগের। এ ক্ষেত্রে শিক্ষকদের উদাসীনতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যেসব বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেগুলোর ওপর পরীক্ষা নেওয়া হবে।