অকৃতকার্যদের এসএসসির ফরম পূরণ!
চাঁদপুরের হাজীগঞ্জের টঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে মাত্র নয়জন কৃতকার্য হয়েছে। কিন্তু বোর্ডের নির্দেশনা অগ্রাহ্য করে অতিরিক্ত অর্থ নিয়ে অকৃতকার্য ১২৪ শিক্ষার্থীকে এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও প্রধান শিক্ষকদের সূত্রে জানা যায়, বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবার এখানকার ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে গণিতে শূন্য পেয়েছে ৪৭ জন। কিন্তু ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষক এই অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে নিয়ে তাদের ফরম পূরণের সুযোগ করে দিয়েছেন। যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আরও বেশি।
একাধিক ভুক্তভোগী অভিভাবক অভিযোগ করেন, যত বেশিসংখ্যক বিষয়ে ফেল তত বেশি ফি আদায় করা হচ্ছে। আবদুল মান্নান নামের একজন অভিভাবক বলেন, ‘আমার মেয়ে পাঁচ বিষয়ে ফেল করেছে। ব্যবস্থাপনা কমিটির এক সদস্য আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। পরে চার হাজার টাকা দিয়ে ফরম পূরণ করেছি।’
প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন বলেন, নির্বাচনী পরীক্ষা এসএসসির চূড়ান্ত পরীক্ষার চেয়ে একটু কঠিনই হয়ে থাকে। তিনি দাবি করেন, যাদের ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে তারা সবাই এসএসসিতে উত্তীর্ণ হবে। তবে ফরম পূরণের জন্য বাড়তি টাকা নেওয়ার প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনী পরীক্ষার ফলাফল বিপর্যয় এবং অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছেন।’ তিনি এর জন্য প্রধান শিক্ষকের অযোগ্যতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী রেজা আশ্রাফী বলেন, ‘উপজেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আমার কার্যালয়ে জমা দিতে নির্দেশ দিয়েছি। টঙ্গিরপাড়সহ কয়েকটি বিদ্যালয়ের ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পেয়েছি। শিগগিরই আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।’