চন্দনাইশের দোহাজারী হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে ১০ মাস ধরে। এ কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের এক্স-রে করাতে হচ্ছে বাইরের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে। এদিকে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটিও অকেজো নয় বছর ধরে। মুমূর্ষু রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনতে হয় ভাড়াগাড়িতে করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দোহাজারী হাসপাতালটি নির্মিত হয় ১৯৬৫ সাল। পরে ১৯৮১ সালে ৩১ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০ রোগী চিকিৎসা নেয়। হাসপাতালটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে হওয়ায় বেশির ভাগ সময় সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা ভর্তি হয়। তাদের এক্স-রের প্রয়োজন হয় বেশি। কিন্তু হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে আছে ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, এক্স-রে যন্ত্র চালু না থাকায় গরিব রোগীরা বিপাকে পড়ছে। কারণ, হাসপাতালের এক্স-রে করাতে কোনো টাকা লাগত না। এখন বাইরে থেকে এক্স-রে করাতে গুনতে হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
চিকিৎসা নিতে আসা আনোয়ারা বেগম (৩০) বলেন, কোমরে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। ডাক্তার বলেছেন এক্স-রে করাতে হবে। কিন্তু হাতে টাকা নেই। বুঝতে পারছি না কী করব।’
হাসপাতালের কর্মচারীরা জানান, অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে ২০০৪ সালের ৩০ ডিসেম্বর থেকে। দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অথচ অ্যাম্বুলেন্স থাকলে ৮০০ টাকায় চমেক হাসপাতালে যাওয়া যেত। এখন রোগী নিতে মাইক্রোবাস ভাড়া দিতে হয় দুই হাজার টাকা। এ প্রসঙ্গে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ইউছুফ মো. ওয়াহিদ উল্লাহ বলেন, এসব মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।