চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) আরও দুটি জেটি আগামী অক্টোবর থেকে চালু হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনায় এনসিটি-৪ ও ৫ নামের এই দুটি জেটি চালু হলে বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের সুবিধা আরও বাড়বে। গতকাল বুধবার বন্দর ভবনের সম্মেলনকক্ষে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠকের পর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ধারণক্ষমতার চেয়ে বন্দর চত্বরে খালি কনটেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় করণীয় ঠিক করতে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে এ বৈঠক করা হয়। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও বেসরকারি ডিপোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, সাত বছর আগে নির্মাণ করা হলেও দুর্ভাগ্যজনকভাবে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পুরোপুরি চালু করা যায়নি। আগামী ১ অক্টোবর ৪ ও ৫ নম্বর জেটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে।
তবে নিউমুরিং টার্মিনালে সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানো হবে। আধুনিক পদ্ধতিতে জেটিতে স্থাপিত ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চলে।
খালি কনটেইনারের বিষয়ে বন্দর চেয়ারম্যান বলেন, কনটেইনারে করে পণ্য আমদানি যে হারে বেড়েছে, পণ্য রপ্তানি সেই হারে বাড়েনি। আমদানি-রপ্তানি পণ্যের এই ভারসাম্যহীনতার কারণে বন্দরে খালি কনটেইনারের সংখ্যা বাড়ছে। খালি কনটেইনার অপসারণের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে বন্দর। তিনি জানান, খালি কনটেইনারের চাপ কমাতে স্বাভাবিক ভাড়ার চেয়ে চার গুণ ভাড়া আরোপ করা হয়। তবে গতকাল থেকে বাড়তি ভাড়া প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
২০০৭ সালে নির্মিত নিউমুরিং টার্মিনালে এক কিলোমিটার দীর্ঘ পাঁচটি জেটি রয়েছে। এই টার্মিনাল নির্মাণে ব্যয় হয় প্রায় ৫৬৬ কোটি টাকা। নির্মাণের পর এই টার্মিনালের ১ ও ২ নম্বর জেটিতে জাহাজের ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এ কাজের মেয়াদও শেষ হচ্ছে। অপর তিনটি জেটি এত দিন অব্যবহৃত ছিল।
বন্দর কর্তৃপক্ষ ২ ও ৩ নম্বর জেটি এবং ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার জন্য পৃথক দুটি দরপত্র আহ্বান করে। দরপত্রের মাধ্যমে এনসিটি-৪ ও ৫ নামের এই দুটি জেটি পরিচালনার কাজ পায় বেসরকারি প্রতিষ্ঠান ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড জেবি’। সাইফ পাওয়ারটেকের সঙ্গে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছিরের প্রতিষ্ঠান এম এইচ চৌধুরী লিমিটেড এবং নোয়াখালীর সদর আসনের সরকারদলীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর প্রতিষ্ঠান এ অ্যান্ড জে ট্রেডার্সের ৩০ শতাংশ করে শেয়ার রয়েছে। গত ২৫ জুন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের দুই বছর মেয়াদি চুক্তি হয়। অপর দিকে, ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার দরপত্র মূল্যায়ন এখনো শেষ করেনি বন্দর কর্তৃপক্ষ। এই চারটি জেটির বাইরে অপর জেটি বন্দর থেকে পানগাঁও রুটে চলাচলকারী কনটেইনার জাহাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বৈঠক শেষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নিউমুরিং টার্মিনালের ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার জন্য বেশ কিছুসংখ্যক যন্ত্রপাতি সেপ্টেম্বরের শেষে বন্দরে পৌঁছাবে। এসব যন্ত্রপাতি আসার পরই অক্টোবর থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করব।’ তিনি বলেন, ‘চুক্তি হওয়ার পর দুটি জেটি চালু করার জন্য আমাদের হাতে ১২০ দিন সময় আছে। এরপরও অক্টোবর থেকে চালু করতে পারব।’