দেশে গত মাসে ২০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১৭ জন কথিত ক্রসফায়ারে এবং বাকি তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন বলে বেসরকারি সংগঠন অধিকার-এর এক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়।
এ প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১২ জন। আহত হয়েছেন ৯১৮ জন। এ সময়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুজন বাংলাদেশি নিহত, ১০ জন আহত ও চারজন অপহৃত হন। এ ছাড়া গত মাসে জেল হেফাজতে মারা গেছেন আটজন। হামলা, হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন নয়জন সাংবাদিক। এ ছাড়া গণপিটুনিতে মারা গেছেন ১০ ব্যক্তি।
নারী নির্যাতন: গত মাসে সারা দেশে ঘটে যাওয়া নারী নির্যাতনের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ৪২৩ জন নারী নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৭৩ জন ধর্ষণ ও ১৯ জন গণধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জনকে।
একই মাসে অ্যাসিডদগ্ধ হয়েছেন ১০ জন নারী। অ্যাসিডদগ্ধ হয়ে মারা গেছেন একজন। বখাটের দ্বারা উত্ত্যক্ততার শিকার হন ৩৮ জন নারী। পুলিশি নির্যাতনের মুখে পড়েন পাঁচজন। যৌতুকের কারণে ১৬ জনকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন ২৪ জন।
অধিকারের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ধর্ষণের শিকার হন ৮০ জন নারী। ২৪ জন যৌন হয়রানি এবং ১৫ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন।