অক্টোবর থেকে ব্রিটিশ ভিসার সিদ্ধান্ত নেবে দিল্লির হাইকমিশন
যুক্তরাজ্যে যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেবে নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশন। তবে আবেদনকারীদের ভিসার জন্য ভারতে যেতে হবে না। আগের মতো তাঁরা বাংলাদেশেই আবেদন জমা দিতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ জুলাইয়ের ঘোষণার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসনের (ইউকেভিআই) বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে, ব্রিটিশ ভিসার আবেদন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। আঞ্চলিক কেন্দ্র সম্প্রসারণ এবং কয়েকটি দেশের সেবা কার্যক্রমকে একটি কেন্দ্রের মাধ্যমে পরিচালনার মাধ্যমে কাজটি করা হবে। এরই অংশ হিসাবে আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভিসা শাখা জমাকৃত আবেদনের ব্যাপারে আর সিদ্ধান্ত নেবে না। নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ভিসা শাখা, আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশে জমা নেওয়া আবেদনগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর পাসপোর্ট বাংলাদেশেই থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা। এ ক্ষেত্রে আবেদনের খরচ অপরিবর্তিত থাকবে এবং বিদ্যমান সেবার মান অক্ষুণ্ন রেখে আগের মতোই নন-সেটেলমেন্ট ভিসার জন্য ১৫ দিন এবং সেটেলমেন্ট ভিসার জন্য ৬০ দিন সময়কাল বহাল থাকবে। বাংলাদেশি আবেদনকারীরা ঢাকা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে তাঁদের আবেদন জমা দেবেন।