অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির মতবিনিময়
অক্টোবর বিপ্লবের তাৎপর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান
অক্টোবর বিপ্লবের তাৎপর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন একটি মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক-লেখক-বুদ্ধিজীবীসহ সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন।
জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আহমদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অনুষ্ঠানসর্বস্বতা নয়, বরং অক্টোবর বিপ্লবের তাৎপর্য সব মানুষের কাছে তুলে ধরে এ দেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতেই জাতীয় কমিটি এ কর্মসূচি পালন করবে।
জাতীয় কমিটির সমন্বয়ক হায়দার আকবর খান রনোর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক অজয় রায়, সৈয়দ আবুল মকসুদ, আনোয়ারা সৈয়দ হক, জাফরুল্লাহ চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক মনসুর মুসা, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক আহমদ কবির, শিক্ষাবার্তা সম্পাদক এ এন রাশেদা, অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।
বক্তারা বলেন, অক্টোবর বিপ্লব পৃথিবীর ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিপ্লবের শতবার্ষিকী উদ্যাপনের এই ঘোষণা প্রগতিশীল ধারার লেখক-বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ করে ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার একটি সুযোগ তৈরি করে দিয়েছে।
সভায় জাতীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, ১ অক্টোবর কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে বিপ্লবের শতবর্ষ উদ্যাপনের কর্মসূচি শুরুর পর ৭ নভেম্বর একটি মহাসমাবেশ ও লাল পতাকা মিছিলের মধ্য দিয়ে তা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এই কর্মসূচির আওতায় ঢাকায় বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর বাইরে প্রতিটি জেলা শহরে শতবর্ষ উদ্যাপনের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে নানামুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।