অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপনে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) আজফার হোসেন, আহমদ রফিক ও হায়দার আকবর খান রনো l ছবি: প্রথম আলো
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) আজফার হোসেন, আহমদ রফিক ও হায়দার আকবর খান রনো l ছবি: প্রথম আলো

বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অক্টোবর বিপ্লবের শততম বার্ষিকী উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে আগামী ১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ‘অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটি’।

গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

১ অক্টোবর ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর মাসব্যাপী আলোচনা সভা, প্রদর্শনী, গান, নাটক ও সাংস্কৃতিক উৎসব হবে। ৭ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও লাল পতাকা মিছিলের মধ্যে দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১০০ বছর আগে ১৯১৭ সালের অক্টোবর মাসে রাশিয়ায় যে বিপ্লব ঘটেছিল, তা পৃথিবীকে চমকে ও বদলে দিয়েছে। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন শুধু নিজস্ব সীমানার গণ্ডির ভেতরের সাধারণ মানুষকে নতুন জীবনের আস্বাদ দেয়নি; বরং সারা বিশ্বের মেহনতি মানুষের সংগ্রামে আদর্শিক উদ্দীপনা জাগিয়েছে। সোভিয়েত ইউনিয়ন আজ আর নেই। কিন্তু সমাজতন্ত্র-সাম্যবাদের আন্দোলন অব্যাহত আছে। তিনি বলেন, অক্টোবর বিপ্লবের তাৎপর্য সব মানুষের কাছে তুলে ধরে এ দেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গত ১৯ মে ভাষাসৈনিক আহমদ রফিক ও সিরাজুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয় অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটি। আহমদ রফিকের সভাপতিত্বে গতকালের সংবাদ সম্মেলনে সঞ্চালক ছিলেন আজফার হোসেন। এতে উপস্থিত ছিলেন উদ্‌যাপন কমিটির সমন্বয়ক হায়দার আকবর খান রনো, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।