অক্টোবর মাসজুড়ে হরতাল-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি
আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে অক্টোবর মাসজুড়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আগস্ট ও সেপ্টেম্বর চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির মাস ধরে কর্মসূচি দেবে বিরোধী জোট। তবে মধ্য অক্টোবরে ঈদুল আজহা আন্দোলনে ছন্দপতন ঘটাতে পারে—এমন আশঙ্কাও করছেন জোটের নেতারা। তা ছাড়া দেশব্যাপী, বিশেষ করে ঢাকায় আন্দোলন জোরদার করা নিয়েও শঙ্কা আছে তাঁদের। নেতারা বলেছেন, সরকারের শেষ সময়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকা কেমন থাকে, তা-ও আন্দোলন কর্মসূচি নির্ধারণে বিবেচনায় আনা হবে। পুলিশ ও প্রশাসন পুরো মাত্রায় সরকারকে সহায়তা না করলে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। নির্বাচন করতেও দেবে না। দাবি আদায়ে সমঝোতা না হলে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন কর্মসূচির মধ্যে রেল, সড়ক ও নৌপথ অবরোধ এবং হরতাল থাকবে। তিনি বলেন, অক্টোবরে তাঁদের আন্দোলন চূড়ান্ত রূপ নেবে।  বিএনপির নীতিনির্ধারকেরা বলছেন, চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসেবে আগস্ট ও সেপ্টেম্বরে কিছু হরতাল থাকবে। তবে শান্তিপূর্ণ কর্মসূচিই বেশি থাকবে। সরকারের মনোভাব দেখে কর্মসূচির ধরনে কিছু পরিবর্তন আনা হতে পারে। তা ছাড়া আন্দোলনের অংশ হিসেবে মধ্য সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেও যোগ দেবে বিএনপি। অক্টোবরের কর্মসূচির মধ্যে হরতাল ছাড়া অবরোধ দেওয়া হবে। মাসের শেষ দিকে রেল, সড়ক ও নৌপথ অবরোধ করার পরিকল্পনা আছে বিএনপির। আর সেপ্টেম্বরের শেষ দিকে এসে হরতালের সংখ্যা বাড়তে থাকবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়াও বিএনপির এবারের আন্দোলন কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন অন্তর্ভুক্ত করা হতে পারে। কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ ও আচরণবিধি সংশোধনের উদ্যোগের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করা নিয়েও আলোচনা চলছে। তবে সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা নিয়ে দলের মধ্যে বিভেদ আছে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের মেয়াদ আছে মাত্র আড়াই মাস। এ অবস্থায় সরকার পতনের আন্দোলনের কোনো অর্থ হয় না; বরং তত্ত্বাবধায়কের দাবির প্রতি মানুষের সমর্থন আছে। সেটা নিয়ে জোরদার আন্দোলন হতে পারে। তবে দলটির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি না মানলে এক দফার আন্দোলন শুরু হবে।

ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের শীর্ষস্থানীয় নেতারা ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তবে ১৩ ও ১৪ আগস্ট জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ও তাদের পরবর্তী কর্মকাণ্ড দেখে আন্দোলন কর্মসূচি ঠিক করবে বিএনপি। বিএনপির নীতিনির্ধারকেরা বলেছেন, ১৭ আগস্টের আগে জোটের কর্মসূচি থাকছে না। তা ছাড়া আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ হওয়ায় দলটি ভবিষ্যতে কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে, তা বিবেচনায় রেখে ১৮-দলীয় জোট কর্মসূচি নেবে।  

ঈদের আগে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকারের দাবিতে ১৮-দলীয় জোট একটি কর্মসূচি চূড়ান্ত করার কাজ করছে। স্থায়ী কমিটি ও জোটের বৈঠকের পর কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, ধাপে ধাপে তাঁরা চূড়ান্ত আন্দোলনে যাবেন। সারা দেশে প্রতিবাদ সভা, জনসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তা চূড়ান্ত ও কঠোর আন্দোলনে রূপ নেবে।

বিএনপির গুলশানের কার্যালয় থেকে জানা গেছে, জামায়াতের দুই দিনের হরতালের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। আগামী বুধবার রাত সাড়ে আটটায় গুলশানের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। একই দিন ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। সেখানে আগস্ট মাসের বিএনপির কর্মসূচি চূড়ান্ত হবে। এ মাসে কর্মসূচির মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে সভা-সমাবেশকে গুরুত্ব দেওয়া হবে। বুধবারের পর জামায়াতের হরতাল না থাকলে আগস্টে দুই দিন হরতাল দেওয়া হতে পারে। তবে সমাবেশ করতে না দিলে হরতালের সংখ্যা বাড়বে।