অক্টোবরে চার দেশের মধ্যে পরীক্ষামূলক যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) মধ্যে অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী যান চলাচল শুরু হবে। ১ ডিসেম্বরের মধ্যে এই চার দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি মোটর শোভাযাত্রা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, মোটর শোভাযাত্রাটি ওডিশা রাজ্যের ভুবনেশ্বর থেকে শুরু হয়ে নেপাল, ভুটান এবং আসাম ও ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর আখাউড়া দিয়ে বাংলাদেশে ঢুকবে। ৩০ নভেম্বর ঢাকা থেকে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করবে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে শেষ হবে। ৭ থেকে ৯ সেপ্টেম্বর ঢাকায় বিবিআইএনের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যাত্রীবাহী যান চলাচলের খসড়া চূড়ান্ত হয়। বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, যাত্রীদের ভিসাসহ অন্যান্য বিষয়ে ৬ থেকে ৮ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। এ ছাড়া পণ্য পরিবহনে যানবাহন-সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর সুবিধার্থে অক্টোবর ও নভেম্বরে পরীক্ষামূলকভাবে যান চলবে। এ অভিজ্ঞতা নিয়ে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আরেকটি বৈঠক হবে। গত ১৫ জুন থিম্পুতে চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) স্বাক্ষর করেন।
বিআরটিএ সূত্র বলেছে, বিবিআইএন-ভুক্ত অপর তিন দেশের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ছয়টি পথে যান চলাচল করতে পারবে।
যাতায়াতের পথগুলো হলো: কলকাতা থেকে পেট্রাপোল হয়ে বেনাপোল, এরপর ঢাকা হয়ে চট্টগ্রাম। চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারী হয়ে শিলিগুড়ি; ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারী হয়ে ভারতের জয়গাঁও হয়ে ভুটানের ফুয়েনসলিং হয়ে থিম্পু; ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ী হয়ে পানিট্যাংকি থেকে কাঁকরভিটা হয়ে কাঠমান্ডু; কলকাতা থেকে ঢাকা হয়ে সরাইল-সিলেট-তামাবিল হয়ে ভারতের ডাউকি দিয়ে শিলং-গুয়াহাটি হয়ে ভুটানের সামদ্রুপ ঝংকার; সর্বশেষ খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে পেট্রাপোল হয়ে কলকাতা।