অক্টোবরে চালু হচ্ছে দেশের প্রথম কৃষি রেডিও স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষি রেডিওর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উপজেলার কুকুরা ইউনিয়নে স্থাপিত এই রেডিও স্টেশনের অনুষ্ঠান প্রাথমিকভাবে ১৭ কিলোমিটার এলাকায় শোনা যাবে। ধীরে ধীরে সম্প্রচার এলাকা বাড়ানো হবে। এ রেডিওতে কৃষিবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ও তথ্য ছাড়া স্থানীয় ভাষায় এই স্টেশনে অনুষ্ঠান প্রচার করা হবে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) সঙ্গে যৌথ উদ্যোগে কৃষি মন্ত্রণালয় এই কৃষি রেডিও স্টেশন চালু করতে যাচ্ছে। বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কমিউনিটি রেডিও হিসেবে এই স্টেশনটি চালানো হবে। চলতি বছরের ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবসের দিন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রেডিও স্টেশনটির জন্য এফওএ চার কোটি ৫৭ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে। স্টেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্র, কারিগরি সহায়তা ও পরামর্শক বাবদ এফওএ নিজে এই অর্থ খরচ করবে। ১৫ জন স্থায়ী কর্মচারীর বেতন ও পরিচালনা-ব্যয় বহন করবে কৃষি মন্ত্রণালয়। এ খাতে দুই কোটি টাকার প্রয়োজন হবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের মধ্যে আরও আটটি কৃষিবিষয়ক রেডিও স্টেশন চালু করা হবে। বিশ্বব্যাংক মোট চারটি স্টেশনের অর্থায়নের ব্যাপারে আশ্বাস দিয়েছে। বাকি আরও চারটির অর্থায়নের জন্য বেশ কয়েকটি দাতা সংস্থা এবং বেসরকারি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও দুটি উপকূলীয় উপজেলায় কৃষি রেডিও চালু করা হবে বলে জানা গেছে। এ সম্পর্কে এফওএ বাংলাদেশের প্রতিনিধি অ্যাড স্পাইকার বলেছেন, গ্রামাঞ্চলে শক্তিশালী যোগাযোগব্যবস্থা গড়ে তুলে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য এই কৃষি রেডিও চালু করা হবে। কৃষি রেডিওর মাধ্যমে কৃষক ও মত্স্যজীবীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হবে। এ ছাড়া দুর্যোগের সময় এই রেডিও থেকে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সতর্কবার্তা ও পরামর্শমূলক অনুষ্ঠান প্র্রচার করা হবে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস এই রেডিও স্টেশনটি স্থাপন ও পরিচালনার দায়িত্বে থাকবে। তারা তথ্য মন্ত্রণালয়ের কাছে ২০টি কমিউনিটি-ভিত্তিক কৃষি রেডিওর অনুমোদনের জন্য আবেদন করেছিল। তথ্য মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে তাদের একটি স্টেশনের অনুমোদন দেয়। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক নজরুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমরা রেডিও স্টেশনটি চালু করে প্রথম তিন বছর পরিচালনার দায়িত্বে থাকব। এই সময়ের মধ্যে স্থানীয় জনগণকে রেডিও স্টেশনটি পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সক্ষমতা চলে এলে তাদের হাতে স্টেশনটি চালানোর ভার ছেড়ে দেওয়া হবে।