অক্টোবরে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ তালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী অক্টোবরে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদ। সম্প্রতি রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম যুবরাজের সঙ্গে দেখা করতে গেলে তিনি ঢাকা সফরের আগ্রহ দেখান। এ বিষয়ে জানতে চাইলে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ আইয়ুব গতকাল বুধবার সন্ধ্যায় ফোনে প্রথম আলোকে বলেন, ‘গত মাসের শেষ সপ্তাহে ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের প্রধান সৌদি যুবরাজের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত দেখা করতে যান। এ সময় তিনি বাংলাদেশে তাঁর দাতব্যপ্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করার আগ্রহ দেখান।’সৌদি যুবরাজকে উদ্ধৃত করে মোহাম্মদ আইয়ুব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বিনিয়োগের প্রস্তাব পেলে সৌদি যুবরাজ তা বিবেচনার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে, তা জানতে চেয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম আল-ওয়ালিদ বিন তালাল।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের আলোচনার বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাঁর সফরের সময় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে । গত মাসে রিয়াদে অনুষ্ঠিত ওই বৈঠকে সৌদি যুবরাজ জানান, আগামী অক্টোবরে তাঁর তেমন কোনো ব্যস্ততা নেই। এ প্রেক্ষাপটে তিনি ওই সময়ে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন।সৌদি বিনিয়োগকারী-প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান সৌদি যুবরাজ তালাল মূলত বাংলাদেশের পর্যটন ও হোটেল ব্যবসায় বিনিয়োগে আগ্রহী। প্রসঙ্গত, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী সৌদি যুবরাজ তালাল ২০০৫ সালে বাংলাদেশ সফরে আসেন। সে সময় তিনি হোটেল সোনারগাঁও এবং হোটেল রূপসী বাংলা (অধুনালুপ্ত ঢাকা শেরাটন) কেনার আগ্রহ দেখিয়েছিলেন। সৌদি রাজপরিবারের সদস্য তালালের সম্পদের পরিমাণ প্রায় দুই হাজার কোটি ডলার। সিটিগ্রুপ, ফোর সিজনস, ফেয়ারমন্ট হোটেল ও নিউজকরপের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তাঁর অংশীদারি রয়েছে।