অক্টোবর মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন। আর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। এ সময় পুলিশের হেফাজতে মারা গেছেন চারজন। ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৪৭ জন নারী।মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে ১৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ১০টি, যৌতুকের কারণে নারীর ওপর সহিংস ঘটনা ঘটেছে ৩১টি। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিহত হয়েছেন ছয়জন বাংলাদেশি নাগরিক।অধিকারের মাসিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, এ মাসে রাজনৈতিক সহিংসতা ছিল উদ্বেগজনক। নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যাকাণ্ড, কুমিল্লায় যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে মুখোশ পরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সিরাজগঞ্জে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সমাবেশের কাছে ট্রেনের নিচে পড়ে হতাহতের ঘটনা এবং রমনা কালীমন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ছিল উল্লেখযোগ্য।নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মি হাউজিং স্কিম নামে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে গুলিতে নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে অধিকার। প্রতিবেদনে বলা হয়, যে অস্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের জমি কেনা হয়েছে এবং স্থানীয় জনগণের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে ‘অধিকার’ উদ্বিগ্ন। এলাকায় সেনাক্যাম্প স্থাপন করে স্থানীয় জনগণের জমি কেনার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করার মধ্য দিয়ে জনতা ও সেনাবাহিনীর মধ্যে বৈরী সম্পর্ক তৈরি করা হয়েছে।‘আত্মনিয়ন্ত্রণাধিকার’ আদায়ের সংগ্রামে নিয়োজিত ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইউএনএলএফ) শীর্ষস্থানীয় নেতা রাজকুমার মেঘেনকে ঢাকায় গ্রেপ্তার করে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনাকে বাংলাদেশের শাসকগোষ্ঠীর অন্য দেশের মুক্তিকামী নিপীড়িত জনগণের সংগ্রামকে স্তব্ধ করার ভূমিকায় অধিকার উদ্বেগ প্রকাশ করেছে।