অক্টোবরে ৪২৩ নারী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর মাসে মোট ৪২৩ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৩টি। গণধর্ষণের শিকার হয়েছেন ১৯ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জন নারীকে। এ ছাড়া সাতজনের বেলায় ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

আজ সোমবার মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যানের তথ্য জানানো হয়।

পরিষদের দেওয়া তথ্যমতে, মাসটিতে অ্যাসিডদগ্ধ হয়েছেন ১১ জন। অ্যাসিডদগ্ধ একজন মারা গেছেন। অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে ছয়জন নারী মারা গেছেন। নারী ও শিশু পাচারের শিকার দুজনের মধ্যে একজনকে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। ৯৪ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।

পরিষদের তথ্যে আরও জানানো হয়, যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৪০ জন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৬ জনকে। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটজনের মধ্যে পাঁচজনকেই হত্যা করা হয়। উত্ত্যক্তের শিকার হন ৩৮ জন। ফতোয়ার শিকার হয়েছেন তিনজন নারী। মাসটিতে বিভিন্ন নির্যাতনের কারণে ২২ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বাল্যবিয়ের শিকার হয়েছে ১২ জন। এ ছাড়া অক্টোবরে ১৯টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।