অক্টোবরের প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা
২০১৩-১৪ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তিসংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতবারের মতো এ বছরও মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে। অন্যান্য নিয়মনীতিও একই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। গতকালের সভায় স্বাস্থ্যসচিবসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক পদস্থ কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের একাধিক অধ্যক্ষ, উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। উপস্থিত একাধিক ব্যক্তি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারিখ চূড়ান্ত করার পরপরই বিজ্ঞাপন দিয়ে ভর্তির আবেদনপত্র চাওয়া হবে। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন খান বলেন, ২০১১ সালের নীতিমালা অনুযায়ী এ বছরও মেডিকেল ও ডেন্টালে ছাত্রছাত্রী ভর্তি হবে। ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা ২০১১’-তে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে, তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। তবে সব উপজাতীয় ও পার্বত্য অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৭ থাকতে হবে এবং এ ক্ষেত্রে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ পেলে আবেদন করা যাবে না। অন্যদিকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দেশে এখন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৭৬টি। এর মধ্যে সরকারি ২২টি এবং বেসরকারি ৫৪টি। গত শিক্ষাবর্ষে মেডিকেলে সাত হাজার ৬১২ শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে সরকারি কলেজে দুই হাজার ৮১২ জন ও বেসরকারি কলেজে চার হাজার ৮০০ জন। এ বছর কিছু আসন বাড়তে পারে বলে একটি সূত্র জানিয়েছে। অন্যদিকে সরাকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটে আসনসংখ্যা ৫৩২টি। আর বেসরকারি ইউনিট ১৮টি, এতে আসনসংখ্যা এক হাজার ৬২টি।