অক্টোবরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনকে সামনে রেখে শনিবার এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। বাসাইল, ২৩ জুন। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনকে সামনে রেখে শনিবার এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। বাসাইল, ২৩ জুন। ছবি: প্রথম আলো

আগামী অক্টোবর মাসের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘বাসাইল একটি ছোট পৌরসভা হলেও, নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। সে দৃষ্টিকোণ থেকে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আশা করছি, ৩০ জুনের পৌরসভা নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩০ জুন এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার ১৬ হাজার ৪০০ জন। ২০১৩ সালে এই পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।