অক্লান্ত ডুবুরি আবুল খায়ের
মাত্র ২২ বছর বয়সে ডুবুরির কাজ শুরু করেছিলেন আবুল খায়ের। ২২ বছর ধরে এ কাজ করে একটুও ক্লান্ত হননি তিনি। সোমবার রাত আড়াইটার দিকে মালবাহী জাহাজের ধাক্কায় চার শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুর-১ লঞ্চটি গজারিয়ায় চররমজান বেগে মেঘনা নদীতে তলিয়ে যায়। উদ্ধারকাজের জন্য ডাক পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের। সেই দলের হয়ে উদ্ধারকাজে অংশ নিতে আসেন খায়ের। মঙ্গলবার তিনি ১১টি লাশ উদ্ধার করেন। আর গতকাল বুধবার দুপুর দুইটা পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেন তিনি।আবুল খায়েরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ডুবুরি হিসেবে অসামান্য কৃতিত্বের জন্য ২০০৫ সালে জাতিসংঘের পুরস্কার পান তিনি। এ ছাড়া বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৭ সালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পুরস্কার ও ২০১০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা আবুল খায়ের জানালেন, ‘দুর্ঘটনার পর স্বজনেরা লাশের জন্য অপেক্ষা করে। তখন লাশটি তুলতে পারলে মনে হয় ওই স্বজনদের অন্তত শেষ মুহূর্তের সান্ত্বনা দিতে পারছি।’ উদ্ধারকাজের এক ফাঁকে খায়ের জানালেন, ২০০৫ সালে আরিচায় ডুবে যাওয়া লঞ্চটি তিনিই প্রথম শনাক্ত করেছিলেন।