
চলাফেরার ক্ষমতা হারিয়েছেন, এমন প্রবীণ ব্যক্তিদের হাতে হাতে বয়স্ক ভাতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা আছে সোশ্যাল ইনস্যুরেন্স স্কিম চালুরও। গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এসব কথা জানান।
বাংলাদেশে ১৯৯৭-৯৮ অর্থবছরে প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১১১ জনকে মাসে ১০০ টাকা করে বয়স্ক ভাতা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। বর্তমানে এই ভাতা পাচ্ছেন সাড়ে ৩১ লাখ প্রবীণ ব্যক্তি। ভাতার হার মাসে ৫০০ টাকা। ন্যূনতম ৬৫ বছর বয়সী পুরুষ ও ৬২ বছর বয়সী নারীরা এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
‘বয়স্ক ভাতা কর্মসূচির বিষয়ে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও সুপারিশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল রোববার বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলেছেন, এই প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে গেছে। কোথাও কোথাও যাঁদের পাওয়া উচিত, তাঁরা ভাতা পাচ্ছেন না। কোথাও আবার বাড়ি থেকে বহুদূরে গিয়ে ভাতা তুলতে হচ্ছে। কেউ কেউ ভাতার পরিমাণ বাড়ানোর কথাও বলেছেন। কেউ বলেছেন সর্বজনীন বয়স্ক ভাতা চালু করা দরকার। রাষ্ট্রের সহায়তা পাওয়া বয়স্ক ব্যক্তিদের অধিকার।
গোলটেবিল বৈঠকটির আয়োজক ছিল প্রথম আলো, জাতীয় সামাজিক ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন। এটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ হাবিবে মিল্লাত বলেন, সরকার এ মুহূর্তে ১৪৫টি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালাচ্ছে। সরকার আরও অনেক কিছু করতে চায়। কিন্তু ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১১ লাখ মানুষ কর দেন। এখন অর্থসংস্থান করাটাই বড় চ্যালেঞ্জ। সব সময় যোগ্য ব্যক্তিরাই ভাতা পাচ্ছেন, সেটাও নয়। এর প্রধান কারণ, যত মানুষ ভাতা পাওয়ার যোগ্য, তাঁদের সবাইকে দেওয়া যাচ্ছে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশের সব মানুষ তাঁদের সঠিক বয়স জানেন না।
সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবীর বলেন, তাঁরা ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের নামের একটি ডেটাবেইস তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন। এতে করে ভাতা তুলতে গিয়ে আর কেউ বিপাকে পড়বেন না। এখন তাঁদের চিন্তা, যাঁরা চলন শক্তি হারিয়েছেন, তাঁরা যেন বাড়িতে বসে ভাতা পান, সে ব্যবস্থা করা। তিনি বলেন, ৫০০ টাকা ভাতা প্রতীকী। বয়স্ক মানুষ তিন মাস পর যখন ১ হাজার ৫০০ টাকা পান, তখন তিনি বাড়িতে ক্ষমতায়িত হন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, পরিবার ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় বয়স্ক মানুষের দায়িত্ব নেয় না। তাঁরা যে ভাতা পাচ্ছেন, এটা একটা শুভ উদ্যোগ। ভাতা প্রদান ব্যবস্থাপনার কোথাও কোনো সমস্যা থাকলে সেটা খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নিলে বয়স্ক মানুষ উপকৃত হবেন।
গোলটেবিল বৈঠকে মানুষের জন্য ফাউন্ডেশনের সোমা দত্ত ১২টি জেলায় পরিচালিত জরিপের ফলাফল নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। সেখানে তিনি বলেন, উপকারভোগীর বার্ষিক আয় ধরা হয়েছে ১০ হাজার টাকার নিচে, অর্থাৎ মাসিক ৮৩৩ টাকা বা তার কম। অথচ কোনো কোনো ভাতাভোগীর পরিবারের বার্ষিক আয় ৫০-৬০ লাখ টাকাও দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, তালিকা তৈরির কাজটি প্রবীণ ব্যক্তিদের ওপরই ছেড়ে দেওয়া যায়। স্থানীয় বাসিন্দারা নিজেরা তালিকা ঠিক করে জেলা প্রশাসক ও সাংসদকে দেবেন। এভাবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। তিনি ভলান্টারি পেনশন স্কিম চালুরও সুপারিশ করেন। এই স্কিমে একজন কর্মক্ষম মানুষ তাঁর আয়ের একটা নির্দিষ্ট অংশ জমা রাখবেন এবং সরকার তার সঙ্গে কিছু যুক্ত করবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন আন্তমন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর একযোগে কাজ করার কথা বলেন। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় দরিদ্র ব্যক্তিদের একটা ডেটাবেইস তৈরি করছে। এর সঙ্গে সমাজসেবা অধিদপ্তর যুক্ত হতে পারে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় লোকজনও যুক্ত হতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আশফাকুল আমিন বলেন, সরকার সোশ্যাল ইনস্যুরেন্স স্কিম চালুর পরিকল্পনা করছে। এতে শুধু যাঁরা প্রান্তিক তাঁরাই নন, যাঁরা প্রান্তিক অবস্থায় যাওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাঁদেরও যুক্ত করার চিন্তা রয়েছে।
এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, কখনো কখনো উপকারভোগীর তালিকা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, ঠিকভাবে প্রচার চালানো হয় না। অনেক সময় দেখা যায়, তালিকায় যাঁর নাম আছে তিনি জানেন না। আবার তালিকায় নাম আছে দেখে কেউ কেউ ভাতার টাকা তুলতে গিয়ে ফিরে আসেন।
ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী বলেন, একটি জরিপে দেখা গেছে, বয়স্ক ভাতা পাওয়ার কথা নয় এমন ৩৩ শতাংশ ব্যক্তি পেয়েছেন। আবার মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, এ হার ৩০ শতাংশ। যাঁদের সত্যি প্রয়োজন, তাঁরা যেন ভাতা পান, সে বিষয়টা নিশ্চিত করা দরকার।
ভাতাপ্রাপ্তির প্রক্রিয়ায় প্রবীণ ব্যক্তিদের সম্পৃক্ত করার সুবিধা সম্পর্কে বলেন বেসরকারি সংস্থা রিক-এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। তিনি বলেন, গাজীপুরে প্রবীণ ব্যক্তিরা সংগঠিত হয়ে নিজেরা তালিকা তৈরি করেছেন। তাঁরাই ঠিক করেছেন, কে কে আগে ভাতা পাবেন এবং কারা পরে ভাতা পাবেন। তাঁদের অনুরোধে সোনালী ব্যাংক প্রবীণ ব্যক্তিদের জন্য ছাউনি করে দিয়েছে। সেখানে দ্রুত ভাতা তোলারও ব্যবস্থা হয়েছে।
অংশগ্রহণকারী ব্যক্তিদের সবাই বলেছেন, ভাতার আওতা বাড়ানো দরকার।
বিআইডিএসের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা শরীফা বেগম বলেন, শর্ত অনুযায়ী এক পরিবারে একজন ভাতা পাবেন। কোথাও কোথাও একজন বৃদ্ধ একা থাকেন। কোথাও কোথাও বৃদ্ধ স্বামী-স্ত্রী থাকেন, যেখানে দুজনের অবস্থাই নাজুক। এ বিষয়গুলো বিবেচনা করা দরকার।
এফসিএফএম এসপি প্রকল্পের টিম লিডার সিদ্দিকুর রহমান চৌধুরী সবচেয়ে দরিদ্র উপজেলায় সব প্রবীণ ব্যক্তিকে ভাতা দিয়ে একটি দিশারি প্রকল্প চালুর সুপারিশ করেন।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বয়স্ক ভাতা বাড়ানোর দাবি করেন।
হেল্পএইজ ইন্টারন্যাশনালের এ দেশীয় পরিচালক রাবেয়া সুলতানা বলেন, উপকারভোগীদের তালিকা থেকে সমতলের আদিবাসী, চা-শ্রমিক ও যৌনকর্মীরা বাদ পড়ে যাচ্ছেন।
সংশোধনী:
এই সংবাদে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ হাবিবে মিল্লাতকে অসাবধানতাবশত সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলে উল্লেখ করা হয়েছিল। তা সংশোধন করা হলো।
—বিভাগীয় সম্পাদক, গোলটেবিল বৈঠক