অক্ষরজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মে অনুষ্ঠেয় পটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে। মেয়র পদে দলীয় সমর্থন ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী এ নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তাদের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, মেয়র পদে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর প্রত্যেকেই ব্যবসায়ী ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। তাঁদের শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত। তাঁরা নিজেদের মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। মো. নিজাম উদ্দিন খান কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৯ সালের ১০ নভেম্বর তিনি বিএনপিতে যোগদান করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। তাঁর কৃষি খাত থেকে আয় ছাড়াও রয়েছে ডকইয়ার্ড, ওয়ার্কশপ ও মিলের ব্যবসা। উপজেলা বিএনপি তাঁকে সমর্থন দেয়নি। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে দল কাউকে সরাসরি সমর্থন দিতে পারে না। তবে তাঁকে পৌর বিএনপি সমর্থন করছে বলে তিনি দাবি করেন। মাধ্যমিক পাস কাজী ফরিদুজ্জামান রাজনীতির পাশাপাশি ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুজ্জামান দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতি উপজেলা বিএনপির সমর্থন রয়েছে। তিনি ২০০৩ সালে বাউফল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। ২০০৭ সালে নির্বাচিত হয়ে চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা বিশুদ্ধ পানি সরবরাহ ও বিদ্যুৎব্যবস্থা। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সচেষ্ট আছেন। স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. জিয়াউল হক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তালা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তাঁর রয়েছে আবাসন ও নির্মাণ ব্যবসা। উপজেলা আওয়ামী লীগ তাঁকে সমর্থন না দিলেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের একটি অংশ তাঁর সমর্থনে সরাসরি মাঠে নেমেছে। তিনি বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন, দলীয় নির্বাচন নয়। বাউফল পৌরসভা ১০ বছরেও পৌরবাসী নাগরিক সুবিধা পায়নি। তাই পৌরবাসীর সমর্থন নিয়ে তিনি নির্বাচনে নেমেছেন। নির্বাচিত হলে পৌরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে আলোকিত পৌরসভা গড়ে তুলবেন। বাউফল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্নাতক ডিগ্রিধারী গোলাম কিবরিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছে বলে তিনি দাবি করেন। ভূসম্পত্তিতে কৃষিকাজ ছাড়া তাঁর রয়েছে বাড়িভাড়ার আয়। তিনি জানান, বাউফলে নিজস্ব পৌর ভবন নেই। পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। দীর্ঘদিন ধরে জনগণের কাছ থেকে কর আদায় করা হলেও তাদের সেবা দেওয়া হয়নি। নির্বাচিত হলে তিনি জনগণের প্রাপ্য সেবা পৌঁছে দিয়ে আধুনিক পৌরসভা গড়ে তোলার চেষ্টা করবেন। অক্ষরজ্ঞানসম্পন্ন মো. সফিকুর রহমান নির্বাচনে লড়ছেন আনারস প্রতীক নিয়ে। তিনি উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে রয়েছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলা বিচারাধীন। কাঁচা ও ভুসি মালের ব্যবসা ছাড়াও কৃষি খাতে তাঁর আয় রয়েছে। তিনি বলেন, ‘আমি জনগণের পাশে ছিলাম ও আছি। জনগণ যে আশায় ভোট দিয়ে যাঁদের মেয়র নির্বাচিত করে, পরে তাঁরা অনেক ক্ষেত্রেই জনগণের আশা পূরণে ব্যর্থ হন। আমি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকব।’ বাউফল পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা সাত হাজার ৫১০।