অক্সফামের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে দেশ গঠনের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ১৯৭০ সালে দেশে ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম বাংলাদেশের পাশে থেকেছে। মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরগুলোতে সহায়তা দেওয়া ও বাংলাদেশের পক্ষে জনমত গঠনেও এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্বাধীনতার ৪০ বছর পরও অক্সফাম তাদের কার্যক্রম অব্যাহত রাখবে ও সম্প্রসারণ করবে। গতকাল শুক্রবার জাতীয় সংসদের পার্লামেন্ট ক্লাব চত্বরে অক্সফাম বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন। তিনি ছাড়াও জাতীয় সংসদের আটজন সাংসদ, বিভিন্ন দূতাবাস ও উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ’৭১-এ ভারতে অবস্থিত বাংলাদেশি শরণার্থী শিবিরে স্বেচ্ছাশ্রমের সঙ্গে যুক্ত অনেকেই এ অনুষ্ঠানে যোগ দেন। শরণার্থী শিবিরের স্মৃতি তুলে ধরেন অক্সফামের সাবেক কর্মী জুলিয়ান ফ্রান্সিস। তিনি বলেন, ওই সময়ে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী জীবনের ভয় উপেক্ষা করে শরণার্থী শিবিরে কাজ করেন। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সব সরকারি-বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। অক্সফামের দেশীয় পরিচালক গেরেথ প্রাইস জোনস বলেন, অতীতের মতো ভবিষ্যতেও অক্সফাম বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান কার্যক্রম আরও বাড়াবে।