অক্সফোর্ড-ডেইলি স্টার ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
পদার্থবিদ্যা বিষয়ে বিভিন্ন পর্বে পরীক্ষা ও প্রতিযোগিতা, প্রতিবেদন ও প্রকল্প উপস্থাপন, সেমিনার, কুইজ, অ্যাস্ট্রোনমি ভিডিও শো, বিজ্ঞানভিত্তিক নাটকসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘অক্সফোর্ড-ডেইলি স্টার ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড-২০১১’। ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল শুক্রবার দিনব্যাপী ওই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এর আয়োজন করে।অলিম্পিয়াডে দেশের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। শেষ পর্যন্ত ১০ জন শিক্ষার্থী জেতেন স্বর্ণপদক। এ ছাড়া ছয়জন সিলভার ও চারজন ব্রোঞ্জ পদক জিতে নেন। অলিম্পিয়াডে বিজয়ী পাঁচজনকে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগামী ১১-১৮ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৪২তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পাঠানো হবে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, জ্ঞানচর্চা ছাড়া সামনে এগোনো যায় না। এ জন্য জ্ঞানের চর্চা অব্যাহত রাখতে হবে। ফিজিক্স অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশ অনেক উঁচুতে গিয়ে দাঁড়াবে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি এম শমসের আলী বলেন, সঠিক প্রশ্ন করতে পারাটাই আসল বিষয়। আর এই সঠিক প্রশ্ন করতে পদার্থবিদ্যার চর্চা জরুরি। অলিম্পিয়াডে বিজয়ীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশের মাথা উঁচু করে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশের মেধা বিশ্বমানের। আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে এর প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, তাঁর পত্রিকা সব সময় এ ধরনের আয়োজনে উদ্যোগী ভূমিকা রাখতে চায়।বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি আলী আজগর, বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক জীবন পোদ্দার, অজয় কুমার রায়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী ১০ জন শিক্ষার্থী হলেন ধানমন্ডি টিউটোরিয়ালের নাদিয়া ইমতিয়াজ, সেফালনের সিনজিনি সাহা, শামসুর রহমান, সানিডেলের দেবপ্রিয় বিশ্বাস, ইয়ামিন মুত্তাকী, বুয়েটের এবরোজ খান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের অবন্তি বশাক, বুয়েটের মখলেসুর রহমান, ইশহাক জিয়া ও ফারশাদ আল হোসেন।