অক্সিজেন ফ্লোমিটার সংকট, প্রাণ গেল দুই নবজাতকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা গ্রামের ফারজানা আক্তার গত শনিবার বেসরকারি ক্লিনিকে যমজ ছেলের জন্ম দেন। একটি শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার রাতে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুটিয়া গ্রামের জেসমিন বেগমও একই কারণে এক দিন বয়সী শিশুকে আগের দিন রোববার হাসপাতালে ভর্তি করেন।
দুই নবজাতককেই একটি অক্সিজেন ফ্লোমিটার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একজনকে কিছু সময় অক্সিজেন দেওয়ার পর আরেকজনকে দেওয়া হচ্ছিল। ধারাবাহিকভাবে অক্সিজেন না দেওয়ার কারণে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
ফারজানা আক্তারের মা সূর্যবান বেগম বলেন, ‘শ্বাসকষ্ট দেখা দিলে আমার এক নাতিকে হাসপাতালে ভর্তি করি। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। সেটি খুলে আরেক শিশুকে দেওয়া হয়। অক্সিজেন না পেয়ে কিছুক্ষণ পর আমাদের বাচ্চাটি মারা যায়। তার কিছুক্ষণ পর অপর বাচ্চাটিও মারা যায়।’
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, ওয়ার্ডে মাত্র একটি অক্সিজেনের ফ্লোমিটার থাকার কারণে নবজাতক দুটিকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। অক্সিজেনের সংকটের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স অর্চনা ডি কস্তা বলেন, ছয়টি ওয়ার্ডের রোগীকে এ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে সব সময়ই পাঁচ থেকে ছয়জন অক্সিজেন দেওয়ার মতো রোগী থাকে। একটি ফ্লোমিটার দিয়ে তাদের ধারাবাহিকভাবে চিকিৎসা দেওয়া হয়। ফ্লোমিটার চেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মশিউর রহমান বলেন, ১০টি ফ্লোমিটার সরবরাহ করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।