অগণতান্ত্রিক পন্থা সহ্য করা হবে না: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক সরকারকে সরাতে হলে বিরোধী দলকে সংসদে এসে অনাস্থা প্রস্তাব আনতে হবে কিংবা আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।বিএনপিকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আইন মেনে দাবিদাওয়া তুলে ধরুন। এ ক্ষেত্রে ভাঙচুর বা কোনো ধরনের অগণতান্ত্রিক পন্থা সহ্য করা হবে না।’ গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে বিএনপির দেওয়া সরকার পতনের আন্দোলনের হুমকির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, সংসদে এ-সংক্রান্ত আইন পাসের পর এই নির্বাচনের পথ সুগম হবে।যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতু প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। এলাকা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে সরকার রাজধানী ঢাকাকে ঘিরে নানা পরিকল্পনা শিগগিরই হাতে নেবে।এর আগে যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতু নির্মাণ প্রকল্পের কার্যালয়ে (সাইট অফিসে) কাজের অগ্রগতি বিষয়ে সভা হয়। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ হাবিবুর রহমান মোল্লা, আসলামুল হক, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিসিসির প্রধান প্রকৌশলী আবদুল কাদের, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, ১০ কিলোমিটার দীর্ঘ উড়ালসেতুটির নাম হচ্ছে ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’। ২০১২ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ৩২টি পাইলের কাজ শেষ হয়েছে। এখন চলছে সুপার স্ট্রাকচার তৈরির কাজ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩২ কোটি টাকা।প্রসঙ্গত, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়ালসেতুর প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।