নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না হলে বা নির্বাচনকে কেন্দ্র করে জটিলতা বাড়লে গণতন্ত্রের বিপক্ষের শক্তি খুশি হবে। রাজনৈতিক দলগুলোর এমন কিছু করা উচিত হবে না, যাতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়।
গতকাল রোববার সংসদ ভবনের শপথ কক্ষে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ইউএনডিপি ও সংসদ সচিবালয় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ক্ষমতাসীন জোটের দুই সাংসদ ফজলে রাব্বি মিয়া ও মঈন উদ্দীন খান বলেন, দেশের সুশীল সমাজ ও গণমাধ্যমের এমন কিছু করা ঠিক হবে না, যাতে অগণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হয়। এটি কারও জন্য সুখকর হবে না। আমরা এক-এগারোতে সে রকম অবস্থা প্রত্যক্ষ করেছি।’
এর জবাবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা কোনো দলকে ধারণ করি না। তবে সমালোচনার অধিকার আমাদের আছে। সে জন্য আপনারা আমাদের শত্রু ভাববেন না।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে আমাদের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে না। আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে। হরতাল গণতান্ত্রিক অধিকার নয়। যে কর্মসূচি নাগরিকদের জন্য অশান্তি ও দুর্ভোগ বয়ে আনে, সেই কর্মসূচি গণতান্ত্রিক হতে পারে না। হরতাল মানেই এখন সহিংসতা। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে এমনটি হওয়ার কথা নয়।’
সরকারি দলের আলী আশরাফ বলেন, গণতন্ত্র আরেকবার হুমকির সম্মুখীন হলে দুর্গতি আছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করতে হবে।
বিএনপির এ এম মাহবুব উদ্দিন বলেন, ‘গত ৪২ বছরে আমরা রাজনীতিবিদেরা নির্বাচনপদ্ধতি ঠিক করতে পারলাম না। এটা আমাদের জন্য লজ্জার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ আবদুল ওয়াদুদ, ফজিলাতুন নেসা ইন্দিরা, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।