অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখল নিয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এ সুযোগ নিয়ে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতা দখল করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের ভোট ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, সরকার চায় জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাঁর সরকারের বর্তমান মেয়াদে জাতীয় সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে ৬৩ হাজার ৯০৯ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অতীতে এ দেশে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। নির্বাচনের ফলাফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কেউ এ ব্যাপারে কোনো অভিযোগও উত্থাপন করতে পারেনি।
বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতিকে নিজের পায়ে দাঁড় করাতে চায়। তিনি বলেন, ‘আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। আমরা মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই এবং কারও কাছে হাত পাততে চাই না।’
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এ দেশ যেন মাথা উঁচু করে আরও এগিয়ে যেতে পারে, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করি।’
এর আগে শেখ হাসিনা জিসিসির প্রথম নির্বাচিত মেয়র এম এ মান্নানকে শপথবাক্য পাঠ করান এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংরক্ষিত আসনে নির্বাচিত ১৯ মহিলা কাউন্সিলরসহ ৭৬ কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে এক লাখ ৬ হাজার ৫৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে মান্নান ৩ লাখ ৬৫ হাজার ৪৪৪ এবং আজমত উল্লা ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট পান।