অগণতান্ত্রিক শক্তির ব্যাপারে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অগণতান্ত্রিক শক্তি যেন দল ও মতের ভিন্নতার সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল রোববার তাঁর কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রে দল ও মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক, এ জন্য এই মতপার্থক্য যেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এবং এর সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে।
‘আমরা জনগণের ভোট ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কঠোর প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমরা চাই জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত সাড়ে চার বছরে অনুষ্ঠিত পাঁচ হাজার ৬৯১টি নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে তাঁর দলের এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে একযোগে কাজ করার মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নে নিজেদের নিয়োজিত করে জনগণের জীবনযাত্রা স্বস্তিকর করার আহ্বান জানান।
এর আগে শেখ হাসিনা জিসিসির প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে শপথবাক্য পাঠ করান এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংরক্ষিত আসনে নির্বাচিত ১৯ মহিলা কাউন্সিলরসহ ৭৬ কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।
গত ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেন।