অগণতান্ত্রিক শক্তির লক্ষ্যবস্তু ঢাকা বিশ্ববিদ্যালয়
যখনই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে, তখনই তাদের লক্ষ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। জিয়া-এরশাদের সামরিক শাসনের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে ‘ছাত্র-শিক্ষক প্রতিবাদ সমাবেশে’ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন। ২০০৭ সালের আগস্টে আটক ও নির্যাতিত শিক্ষকেরা এ সমাবেশের আয়োজন করেন।
মন্ত্রী বলেন, ২০০৭ সালের ২০-২৩ আগস্টের ঘটনা দেশের ইতিহাসে কালো অধ্যায়। দুর্ভাগ্য হলো, এসব ঘটনার বিচার বা সমাধান হয় না। অভিযুক্ত ব্যক্তিদের অনেকে এখনো চাকরিতে বহাল রয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ২৩ আগস্টের ঘটনা ছিল পাকিস্তানিদের মতো সেনাশাসন দীর্ঘস্থায়ী করার একটি পাঁয়তারা। সেদিন যদি ছাত্র-শিক্ষকেরা এটি রুখে না দাঁড়াতেন, তবে আজও দেশ সেনাশাসনের অধীনে থাকত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, ১৫ আগস্ট, ২১ আগস্ট এবং ওয়ান-ইলেভেন একই সূত্রে গাঁথা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, দলমত-নির্বিশেষে সবাই একত্র হলে কী হয়, ২০০৭ সালের ২৩ আগস্ট তার উজ্জ্বল দৃষ্টান্ত।
কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী প্রমুখ।
অন্যদিকে পৃথক আলোচনায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ২০০৭ সালের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা অব্যাহত রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।
২০০৭ সালের ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় কিছু সেনাসদস্য ছাত্রদের মারধর করেন। প্রতিবাদে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন গড়ে তোলেন। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন সেনা-সমর্থিত সরকার সান্ধ্য আইন জারি করে এবং ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং আট ছাত্রকে গ্রেপ্তার করে নির্যাতন চালায়। পরের বছর থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালিত হয়ে আসছে।