অগভীর সমুদ্রের একটি ব্লকের জন্য স্যান্তোস-ক্রিসের যৌথ দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আহ্বানে এবারও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। অগভীর সমুদ্রের ছয়টি ব্লকের জন্য দরপ্রস্তাব আহ্বান করে মাত্র একটির জন্য প্রস্তাব পাওয়া গেছে। অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও সিঙ্গাপুরের কোম্পানি ক্রিস এনার্জি যৌথভাবে এসএস-১১ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপ্রস্তাব দিয়েছে। গতকাল সোমবার ছিল এই দরপ্রস্তাব দাখিলের শেষ দিন। গতকাল বেলা ১১টার পর পেট্রোবাংলা ওই দরপ্রস্তাব খোলে। প্রস্তাবের সঙ্গে স্যান্তোস-ক্রিস পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা দাখিল করেছে। তাতে এক হাজার ছয় লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ, ৩০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং একটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনার কথা বলা হয়েছে। ব্লকটিতে অনুসন্ধানের কাজ পাওয়ার জন্য স্যান্তোস-ক্রিস দেড় কোটি ডলারের ব্যাংক গ্যারান্টি দিয়েছে।
এই নিয়ে গত আট মাসের মধ্যে অগভীর সমুদ্রের নয়টি ব্লকের জন্য দুবার দরপ্রস্তাব আহ্বান করে মাত্র চারটির জন্য প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে প্রথমবারের আহ্বানে অংশ নিয়ে ভারতীয় কোম্পানি ওএনজিসি ৪ ও ৯ নম্বর ব্লকে এবং আমেরিকান কোম্পানি কনোকোফিলিপস ৭ নম্বর ব্লকে কাজের জন্য নির্বাচিত হয়েছে। আগামী এক মাসের মধ্যে কোম্পানি দুটির সঙ্গে উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) সই হবে। দ্বিতীয়বার অগভীর সমুদ্রের অবশিষ্ট ছয়টি ব্লকের জন্য দরপ্রস্তাব আহ্বান করে একটি মাত্র প্রস্তাব পাওয়া গেল। এ ছাড়া গভীর সমুদ্রের ব্লকগুলোর জন্য দরপ্রস্তাব আহ্বান করেও পিএসসি সংশোধনের জন্য প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে। পিএসসি সংশোধন এখনো প্রক্রিয়াধীন।