অগ্নি ও ভবন নিরাপত্তা স্মারকে স্বাক্ষরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে বাংলাদেশ অগ্নি ও ভবন নিরাপত্তা স্মারকে স্বাক্ষরের জন্য বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক অন্যতম প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও গ্যাপসহ অন্যদের প্রতি দাবি জানিয়েছে দুটি গার্মেন্টস ফেডারেশন।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাজরীন ফ্যাশন ও রানা প্লাজায় নিহত শ্রমিকদের ৫০ জনের বেশি শিশু অংশ নেয়।

এ বিষয়ে গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. বাবুল আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ওই স্মারকে ওয়ালমার্ট ও গ্যাপসহ অন্যরা যাতে অবিলম্বে সই করে, সে জন্য শিশুদের পক্ষ থেকে আহ্বান জানাতেই অভিভাবকদের মাধ্যমে শিশুদের নিয়ে আসা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। লিখিত বক্তব্যে বলা হয়, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার মধ্য দিয়ে ‘বাংলাদেশ বিল্ডিং অ্যান্ড সেফটি একর্ড’ নামের একটি প্রস্তাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক ৬০টির বেশি প্রতিষ্ঠান এ সমঝোতায় স্বাক্ষর করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়ালমার্ট, গ্যাপসহ বেশ কিছু প্রতিষ্ঠান এখনো এ সমঝোতায় স্বাক্ষর করেনি। 

আমিরুল হক আমিন বলেন, ‘সমঝোতা স্মারকে স্বাক্ষর না করা ওয়ালমার্ট, গ্যাপ ও অন্যদের কাছে প্রশ্ন রাখতে চাই, আর কত শিশুকে অভিভাবকহারা হতে হবে অনিরাপদ কর্মস্থলের জন্য? একই সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর না করা ওয়ালমার্ট, গ্যাপ ও অন্যদের কাছে দাবি করছি অনতিবিলম্বে বাংলাদেশ বিল্ডিং এবং ফায়ার সেফটি স্বাক্ষর কর, গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত কর।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে পাঁচ হাজার গার্মেন্টস কারখানায় কর্মরত রয়েছেন ৩৬ লাখ শ্রমিক-কর্মচারী। তাঁদের শতকরা ৮৫ ভাগ নারী। গার্মেন্টস শিল্প বাংলাদেশের সব চাইতে বড় শিল্প খাত। এ শিল্প দেশের মোট রপ্তানির শতকরা ৭৯ ভাগ পূরণ করে। কিন্তু এখন পর্যন্ত এ শিল্প খাতটি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত হয়নি।

সম্মেলনে আরও  বলা হয়, বর্তমানে সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা। গার্মেন্টস ব্যবসার বেশি অংশ মুনাফা মূলত বায়ার বা বহুজাতিক কোম্পানিগুলোর পকেটে যায়। তাই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার প্রধান দায়িত্বও অবশ্যই তাদের বহন করা উচিত। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।