অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞের স্বীকৃতি পেলেন রশিদ
অগ্নি নিরাপত্তা বিষয়ে উন্নত দেশগুলোতে অধ্যয়নের সুযোগ রয়েছে। বাংলাদেশে তেমন সুযোগ না থাকলেও প্রকৌশলী মোহাম্মদ আবদুর রশিদ চিন্তা করলেন এ বিষয়ে অধ্যয়নের। যার কারণে এখন তিনিও একজন আন্তর্জাতিক অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্নি নিরাপত্তা অ্যাসোসিয়েশনের (এনএফপিএ) স্বীকৃতি পেয়েছেন তিনি।
আবদুর রশিদ অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে ১ জানুয়ারি এনএফপিএর সনদ পান। এই সনদ আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত প্রশিক্ষণ ও অর্জিত জ্ঞানের মাধ্যমে তিনি এখন থেকে স্বীকৃত অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক করেন আবদুর রশিদ। এরপর তিনি অনলাইনে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি থেকে অগ্নিনিরাপত্তা বিষয়ে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ কোর্স করেন। বর্তমানে তিনি অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি চান বাংলাদেশে সব ভবনের অগ্নি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হোক।