চাঁদপুরে চলন্ত একটি লঞ্চে গতকাল সোমবার আগুন লেগে যায়। চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি তুতুল লঞ্চের একটি কেবিনে এ আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চের সুপারভাইজার শাহ আলম জানান, প্রায় ২০০ যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুর থেকে ছাড়ে। সকাল সাড়ে ১০টায় লঞ্চটি সদর উপজেলার লগ্গিমারাচর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। লঞ্চের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে লঞ্চের তৃতীয় তলায় ১৩ নম্বর কেবিন পুরোটা পুড়ে যায়। ১২ নম্বর কেবিনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করে অপর একটি লঞ্চে করে তাদের ঢাকায় পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।
চাঁদপুর প্রতিনিধি