প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামে গত শনিবার আগুন লেগে ৯০টি টিন ও খড়ের ঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক মিরাজউদ্দিনের বাড়িতে বিকেলে আমন ধান সিদ্ধ করা হয়। কিন্তু চুলার আগুন ভালো করে নেভানো হয়নি। এতে রাত ১০টার দিকে ওই চুলা থেকে তাঁর বাড়ির খড়ের চালায় আগুন ধরে যায়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঘরবাড়ি, আসবাব, গবাদিপশু পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল টিন, ৩০ কেজি চাল, তিন হাজার টাকা, দুটি করে কম্বল দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে।