অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার সাগরসৈকতসংলগ্ন ফকিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী তিন-চারজন জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফকিরহাটের আবদুল খালেক কুটিয়ালের মুদি-মনিহারি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই বাজারের আবদুল খালেক কুটিয়াল, মো. জাফর, আইউব আলী, দুলাল হোসেন, বাবুল মিয়া ও আবদুস সালামের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ছয়টি দোকানের মধ্যে তিনটি মুদি-মনিহারি, দুটি জাল-সুতা ও একটি হোটেল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।