অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের রেলওয়ে স্টেশনমাস্টারের কার্যালয়-সংলগ্ন একটি টিনের ছাপরা ঘর ভস্মীভূত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে রেলওয়ে কার্যালয়ের স্টোররুমের দুটি জানালা ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিক দুখু ওরফে কালু অধিকারী বলেন, রাত একটার দিকে আগুন দেখে তিনি বের হন। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হলেও ততক্ষণে ঘর ও ছাগল পুড়ে যায়। ওই ঘরে কোনো মশার কয়েল বা বিদ্যুতের লাইন ছিল না। আগুন লাগার বিষয়টি তিনি রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসে। গাঁজার আগুন থেকে আগুন লাগতে পারে।