অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের খাসমহাল সড়ক এলাকায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে একটি আইসক্রিম কারখানা ও একটি কাঁচা ঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া কমিউনিটি সেন্টার-সংলগ্ন একটি কাঁচা ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি আইসক্রিম কারখানা ও কাঁচা ঘরটি পুড়ে যায়। ওই কাঁচা ঘরের তিনটি কক্ষে তিনটি পরিবার থাকত। আরেকটি কক্ষে ছিল কমিউনিটি সেন্টারের গুদাম। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন কর্মকর্তা দোলন কান্তি আচার্য বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধান শিক্ষিকার ঘরে বসে বেতন-ভাতা!
বান্দরবান প্রতিনিধি
রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনয়নে বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে পাড়াবাসী কর্মস্থলে যেতে নিষেধ করেছেন বলে জানা গেছে। পাড়াবাসীর বাধার মুখে নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়ের যেতে না পেরে ঘরে বসে পাঁচ মাস ধরে বেতন-ভাতা নিচ্ছেন বলে প্রধান শিক্ষিকা স্বীকার করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চিংসা অং মার্মা ও নারী ইউপি সদস্য থুইনুপ্রু মার্মা পাড়াবাসীর নিষেধ করার কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আগের কর্মস্থলে অনিয়ম-দুর্নীতি ও পরিচালনা কমিটির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থাকায় তাঁকে তাঁদের পাড়ার বিদ্যালয়ে কাজ করতে দেওয়া সম্ভব নয়।
রোয়াংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বলেন, বেতছড়ামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পান্না দাশকে গত জুনে বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বেতছড়া পাড়াবাসী অনিয়মিত উপস্থিতি, উপবৃত্তির টাকা অনিয়মের অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের জের ধরে বরইতলী পাড়াবাসীও তাঁকে বিদ্যালয়ে যোগদান করতে দিচ্ছেন না।
বরইতলী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কলি দাশ বলেন, প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে আসতে না পারায় বান্দরবান জেলা শহরে তাঁর বাসায় হাজিরা খাতা নিয়ে স্বাক্ষর করে নেওয়া হয়।
বরইতলী পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) প্রুথোয়াই অং মার্মা ও তারাছা ইউপির নারী সদস্য (বরইতলী পাড়াবাসী) থুইনুপ্রু বলেন, প্রধান শিক্ষিকা পান্না দাশকে অনিয়ম-দুর্নীতির কারণে তাঁদের পাড়ার বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তিনি বরইতলী পাড়ায় এসেও পাড়াবাসী কাউকে তোয়াক্কা না করে তিনি দলবল নিয়ে বিদ্যালয়ে যোগদান করতে এসেছিলেন। এ জন্য পাড়াবাসী তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন এবং কেউ তাঁকে এ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে রাখতে রাজি হচ্ছেন না।
তবে পান্না দাশ বলেছেন, আগের কর্মস্থলে তাঁর বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি কতিপয় জনপ্রতিনিধির ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম বলেছেন, এভাবে একজন শিক্ষিকাকে তাঁর সরকারি কাজে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি পাড়াবাসীকে উসকে দিচ্ছেন। বিষয়টি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষাসংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।