অগ্নিকাণ্ড কমাতে চাই আইনের প্রয়োগ, বাড়াতে হবে সক্ষমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুতল ভবন, শপিং মল, হাসপাতাল, শিল্পকারখানায় অগ্নিনির্বাপণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
বহুতল ভবন, শপিং মল, হাসপাতাল, শিল্পকারখানায় অগ্নিনির্বাপণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

অগ্নিকাণ্ড নিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, ঢাকা মহানগরীতে অগ্নিকাণ্ডের বেশির ভাগই ঘটছে বৈদ্যুতিক ত্রুটির কারণে। ভবন নির্মাণসংক্রান্ত দিকনির্দেশনা ঠিকভাবে না মানায় ক্রমেই বাড়ছে এ ধরনের দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনা কমাতে বিদ্যমান আইনগুলোর কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও জনসচেতনতা বাড়াতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বহুতল ভবন, শপিং মল, হাসপাতাল, শিল্পকারখানায় অগ্নিনির্বাপণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১১টি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, বহুতল ভবনের নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা সুরক্ষিত করা গেলে জীবন ও সম্পদের ক্ষতি কমিয়ে আনা যাবে। অনেক ভবনমালিক নির্মাণের আগে ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র নিলেও ভবন নির্মাণের সময় তা বাস্তবায়ন করেন না।
পবার সম্পাদক মাহবুবুল আলম বলেন, সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অগ্নিকাণ্ডের বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে হবে। জনগণের সচেতনতা অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখতে পারে।
অন্য বক্তারা বলেন, সাম্প্রতিক বছরে অগ্নিনিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নিম্নমানের বৈদ্যুতিক ব্যবস্থাপনা এর প্রধান কারণ। নিম্নমানের উপকরণ, দুর্বল রক্ষণাবেক্ষণ ও যথাযথ প্রশিক্ষণের অভাব বৈদ্যুতিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ত্রুটি। নিয়মবহির্ভূত নির্মাণ, ভবন নির্মাণের ক্ষেত্রে আইন ও বিধির প্রয়োগের অভাব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতার অভাব, জরুরি নির্গমন পথ বন্ধ বা দখল করে রাখা, অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকায় আগুনের ঘটনা বাড়ছে।
বক্তারা আগুনের ঘটনা কমাতে যেসব পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন তার মধ্যে অন্যতম—আইনের প্রয়োগ নিশ্চিত করা, ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা বৃদ্ধি করা, আধুনিক প্রশিক্ষণ, নিয়মিত নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ, প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সরু রাস্তাগুলো প্রশস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
মানববন্ধনে পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমিরুল হাসান, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।