অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় শিহাব উদ্দিন (১২) নামের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। একই রাতে অগ্নিকাণ্ডে পঞ্চগড়ের আটোয়ারীতে ২৫টি ঘর ভষ্মীভূত ও দুটি শিশু দগ্ধ হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের তাড়াশে দুটি এবং নীলফামারীতে ১০টি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা গেলেও পুড়ে যাওয়া বসতঘরে ঘুমিয়ে থাকা শিহাব উদ্দিন দগ্ধ হয়ে মারা যায়।
সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চড়কুশাবাড়ীর সবুজপাড়া গ্রামের কৃষক আবদুল জুব্বার ও আবদুল মোমিনের বাড়িতে আগুন লাগে। আগুনে আবদুল জুব্বারের দুটি ঘর, তিনটি গরু ও ২৫টি কবুতর এবং আবদুল মোমিনের একমাত্র বসতঘর মালামালসহ পুড়ে যায়।
পঞ্চগড়: আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামে আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই গ্রামের নয়টি পরিবারের ২৫টি ঘর মালামালসহ পুড়ে যায়। এ সময় দয়ারাম পালের মেয়ে মীনা পাল (৯) এবং তার ভাই বলরাম পালের মেয়ে সাধনা পাল (৭) দগ্ধ হয়।
নীলফামারী: রাত দুইটার দিকে শহরের শান্তিনগর মহল্লার মমিনুর রহমানের বাড়ির বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের মোস্তফা আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই পরিবারের ১০টি ঘর, ঘরে রক্ষিত মালামাল সম্পূর্ণ ভষঞ্চীভূত হয়।