ঈদের ছুটিতে রাজধানীতে পৃথক অগ্নিকাণ্ডে একজন নিহত ও আটজন দগ্ধ হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৬)। তিনি নগরীর মধ্য বাড্ডার সাদেকুল মাংস বিতানে কর্মরত ছিলেন। দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাসের পাইপ ছিদ্র হওয়ার কারণে।
মৃত্যুর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাংস বিতানের মালিক সাদেকুল ইসলাম তাঁর ভগ্নিপতি। গত বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর আত্মীয় ভুট্টো (৩৫) মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের নর্দমা থেকে গ্যাসের পাইপের ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছিল। তাঁর ধারণা, নির্গত গ্যাস কয়েলের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। এতে তাঁরা দগ্ধ হন।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, শুক্রবার রাতে নাজমুল মারা যান। আগুনে তাঁর শরীরের ৫৫ ও তাঁর ভগ্নিপতি ভুট্টোর শরীরের ৩৫ ভাগ পুড়ে গিয়েছিল।
নাজমুলের মৃত্যুর পর স্বজনেরা ভুট্টোকেও হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান। নাজমুলের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালিহাটায়।
যোগাযোগ করা হলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে তিনি জানেন না।
দগ্ধ সাতজন: গত শনিবার রাতে রাজধানীর মিরপুরের ১৪ নম্বরে টিনশেডের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যসহ সাত ব্যক্তি দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (৬০), তাঁর স্ত্রী সালেহা (৫০), তাঁদের তিন ছেলেমেয়ে আমেনা (২৪), ফাতেমা (১২) ও জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১) ও প্রতিবেশী রতন (৩৫)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, স্থানীয় ইমরান হোসেনের ভাড়াটে দেলোয়ার হোসেন। ওই ঘরে আগে থেকেই পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছিল। সেখান থেকে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দল রাত ১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।