অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের হাজির হাট গ্রামে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সায়েম বলেন, ওই গ্রামের সুলতান আলীর ছেলে বাদশা আলমের শয়নকক্ষের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাদশা আলমের দুটি, আনোয়ারুল ইসলামের দুটি ও আজহারুল ইসলামের একটি টিনের ঘরসহ ঘরে থাকা ধান-চাল, আলুর বীজ ও আসবাব পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও ইউএনও এস এম মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতার আশ্বাস দেন।
কিশোরগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা রেদওয়ানুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় ওই গ্রামের বেশ কিছু বাড়িঘর রক্ষা পায়।