অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন ওরফে নসুর বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মধ্য একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক গোলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তাঁর বড় ভাই গোলাম মোর্শেদের ঘরে আগুন লাগে। এরপর আরেক ভাই আবুল কাশেমের ঘরে এবং সর্বশেষ তাঁর বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে, এর আগেই ঘরের মূল্যবান আসবাব, জামাকাপড়সহ সবকিছু পড়ে ছাই হয়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। গ্যাসের চুলা কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল সকালে জেলা পরিষদের প্রশাসক ডা. এ বি এম জাফর উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।