অগ্নিকাণ্ডে নয় দোকান ও কলোনি ভস্মীভূত
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে পুড়েছে নয় দোকান ও এক কলোনি। গতকাল শুক্রবার সকালে উপজেলার নানুপুর বাজারের হামিদ স্কোয়ারে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ওই স্থানে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকলে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল আলমারি, ফার্মেসি, প্রিন্টিং, পাইপফিটার, কসমেটিকস, চা, গ্যারেজ ও কনফেকশনারির দোকান। এ ছাড়া পুড়েছে একটি কলোনির নয় পরিবারের বসতঘর। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।
আলমারির দোকানের মো. শরীফুল আনোয়ার বলেন, দোকানে রক্ষিত নগদ এক লাখ ৭০ হাজার টাকাসহ অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া কলোনিতে বসবাস করা মোজাহারুল ইসলাম জানান, আগুন তাঁদের নিঃস্ব করে দিয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। ফটিকছড়ি উপজেলার দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফিরোজ খাঁন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে নয়টি দোকান ও একটি কলোনির নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আট লাখ টাকার মালামাল উদ্ধার করি।’
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলার সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।