অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শহরের সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে আশপাশের মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে দেখেন সোনাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাজারের ধানহাটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মাইজদী ও চৌমুহনী থেকে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে একটি পোশাক কারখানার মালের গুদাম, স্ক্যাপ মালের গুদাম ও লেপ-তোশকের দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
পোশাক কারখানার মালের গুদামের মালিক মো. দিপু সাংবাদিকদের জানান, তাঁর গুদামসহ আগুনে পুড়ে যাওয়া গুদাম ও দোকানগুলোর অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছেন।