অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫২টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ৩২টি দোকান সম্পূর্ণ ও ২০টি আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এক উপপরিদর্শকসহ (এসআই) কমপক্ষে ২০ আহত হয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, তাঁদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে আগৈলঝাড়া সদর বন্দরের হান্নান মোল্লার গার্মেন্টসের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বিভিন্ন ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই গোটা বন্দরের দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আইনুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, উজিরপুরের একটি ও বরিশালের একটিসহ চারটি ইউনিটের সদস্যরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের দুই-আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যবসায়ীরা আরও ২০ কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পান।
অগ্নিকাণ্ডে ইমাম হোসেন, শাহাদাত মোল্লা, আয়নাল হক, রহিম বিশ্বাস, তাপস মণ্ডল, মনির হোসেন, মানিক মিয়া, শামীম মোল্লা, রফিকুল ইসলাম, কার্তিক চন্দ্রের গার্মেন্টস ও শাড়ির দোকান, আকবর মোল্লা, আনোয়ার মোল্লা, আ. মালেক হাওলাদারের চালের আড়ত, বিজয় দাসের মাছের আড়ত, সোহেল ও মো. ইউসুফ হোসেনের কসমেটিকস ও ক্রোকারিজের দোকান, আবদুল হাকিম, কালাম হোসেন, মনির মিয়ার লেপতোশকের দোকানসহ ৩২টি সম্পূর্ণ পুড়ে ছাই ও আরও ২০টি আংশিক পুড়ে যায়।
এদিকে আগুন নেভাতে গিয়ে থানার এসআই রাজু আহম্মেদ এবং হান্নান মোল্লা, দীপংকর বাড়ৈ, রতন মণ্ডল, হাবিব সরদার, আকবর হোসেন, জানে আলম, আরিফ হোসেন, সোহেল আহম্মেদ, বিজয় দাসসহ কমপক্ষে ২০ আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গতকাল বুধবার জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
ব্যবসায়ী ইমাম হোসেন জানান, এক দিন আগেও তাঁর সবই ছিল। আজ তিনি রাস্তার ফকির। অগ্নিকাণ্ডে তাঁর দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৩২-৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি, পরিবার-পরিজন নিয়ে কী কইরা বাঁচবো।’
ওই বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক হান্নান মোল্লা দাবি করেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় সাড়ে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
ইউএনও দেবী চন্দ্র জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।