অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের স্ত্রী ও শিশুকন্যার মৃত্যু
বান্দরবান জেলা শহরে ব্রিগেড সদর দপ্তরসংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার পুলিশের গোয়েন্দা শাখার এক কনস্টেবলের স্ত্রী ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে কনস্টেবল নূরুল ইসলামের বাসায় আকসিঞ্চকভাবে আগুনের ধোঁয়া দেখা যায়। আগুন তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লে আকলিমা আক্তার (২৮) ও তাঁর শিশুকন্যা মেঘা (৩) বাসায় আটকে পড়েন।
এলাকার লোকজন বলেন, বাসায় আগুন ছড়িয়ে পড়ার একপর্যায়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে আশপাশের আরও ছয়টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা মৃদুল বড়ুয়া বলেন, নূরুল ইসলাম গোয়েন্দা শাখায় কর্মরত রয়েছেন। বাসায় তাঁর স্ত্রী ও শিশুকন্যা ছাড়া কেউ ছিলেন না। এ ঘটনার পর সাংসদ বীর বাহাদুর, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।