অগ্নিকাণ্ডে বন্ধ অটবির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের আকড়াইন এলাকায় অটবির আসবাবের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার কারখানার দুটি ফটকে এই বিজ্ঞপ্তি ঝুলতে দেখা গেছে।
এক লাখ ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে থাকা কারখানাটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
অটবির সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) বজলুর রশীদ জানান, কারখানায় বিকেলের পালায় ৫০০ জন শ্রমিক কাজ করছিলেন। কারখানার মোট দুটি ইউনিট। রাত নয়টার দিকে ২২ বিঘা আয়তনের একটি ইউনিটের উত্তর-পূর্ব কোণে কালার ফিনিশিং বিভাগে হঠাত্ আগুন লাগে।
আজ বেলা ১১টার দিকে কারাখানায় গিয়ে দেখা যায়, প্রচুর পুলিশ ও কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা ফটক দুটি ঘেরাও করে রেখেছেন। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কারখানার মহাব্যবস্থাপক জাকির হোসেন গতকাল রাত তিনটার দিকে সাংবাদিকেদের বলেছিলেন, ‘আপাতত আমরা বলতে পারি, কারখানায় ৫৪০ কোটি টাকার বিক্রির উপযোগী তৈরি আসবাব ছিল। আরও ছিল ১০০-এর মতো মেশিন। আগুনে সব পুড়ে গেছে।’
অটবির উত্পাদন বিভাগের প্রধান ফারুক ইবনে রায়হান বলেন, কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঠ, পার্টিকেল বোর্ড, তৈরি আসবাব সব পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিরাপত্তার স্বার্থেই বহিরাগত কাউকে কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) আবদুস সালাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।