অগ্নিকাণ্ডে মা-মেয়ে দগ্ধ ঘর-দোকান ছাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারে গতকাল শনিবার আগুনে আমিরুজ্জামান সওদাগর কলোনির ১০টি বসতঘর, একটি ভবন ও একটি তুলার গুদাম পুড়ে গেছে। অগ্নিদ্ধগ্ধ হয়েছে বেবি আকতার ও তাঁর সৎমেয়ে সামিয়া আকতার (দুই মাস)। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী উত্তর বাজারে আগুনে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে রানীরহাট বাজার এলাকার বাদশা মিয়া সওদাগরের ভবনের দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আমিরুজ্জামান সওদাগর কলোনির কাঁচা ঘরসহ একটি তুলার গুদামেও ছড়িয়ে পড়ে। এরপর রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের লোকজন দুপুর দুইটায় ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।রাঙামাটি অগ্নিনির্বাপণ কেন্দ্রের পরিদর্শক নাজমুল হুদা জানান, অগ্নিকাণ্ডে বাদশা মিয়ার পুত্রবধূ বেবি আকতার (১৯) এবং সামিয়া আকতার দগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রানীরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আবুল হাশেম জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী উত্তর বাজারের বিজন ঘোষের মিষ্টির দোকানের গ্যাসসিলিন্ডার থেকে গতকাল সকাল আটটার দিকে আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। পরে লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।